
আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স শুরু
ক্রীড়া প্রতিনিধি:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে রক্ষা পেতে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে অ্যাথলেটিক্সকে ক্রীড়ার জননী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটি সুস্থ জাতি গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি ও হতাশা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ জন্য তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার সুযোগ তৈরি করতে হবে।
বক্তব্যে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আর কত দিন আমরা আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের দিকে তাকিয়ে থাকব? আমাদের নিজেদের খেলোয়াড় তৈরি করতে হবে এবং নিজেদের দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সফল করে তুলতে হবে।’
দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির সরকারি উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, মাঠগুলো অবৈধ দখলমুক্ত করে সংরক্ষণ করতে হবে।
একইসাথে নতুন মাঠ চিহ্নিত করার ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি স্কুল পর্যায়ে দ্রুত ‘ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন’ চালুর আহ্বান জানান।
এ সময় বিশ্বমানের অ্যাথলেট গড়ে তুলতে সরকারের পাশাপাশি ব্যাংক, বীমা ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর অবদান স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ক্রীড়া সংগঠক হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে দেশের ক্রিকেটের উন্নয়নে তার অবদান উল্লেখযোগ্য। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের ক্রীড়ানুরাগের কথাও স্মরণ করেন তিনি।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তৃণমূল পর্যায়ে খেলাধুলা এগিয়ে নিতে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের উৎসাহ ও সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে প্রতিযোগিতার মশাল প্রজ্বলন করেন সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ মোস্তাক ও সুমিতা রানী। পরে খেলোয়াড় ও বিচারকদের পক্ষ থেকে শপথ পাঠ করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অ্যাথলেটদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয় এবারের প্রতিযোগিতা।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান, অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের ও সাধারণ সম্পাদক আলী ইমাম তপনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
–টিভি টুডে
TV Today HD Desk: 






















