
জাতিসংঘের প্রতিবেদনে তথ্য
চাকরির প্রলোভনে রাশিয়ার যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার
পাচার ও প্রতারণার শিকার ব্যক্তিদের সবাই ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষ।
টিভি টুডে ডেস্ক:
রাশিয়ায় বেসামরিক বা ভালো বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশসহ অন্তত ২৯ দেশের নাগরিকদের রাশিয়ার সশস্ত্র বাহিনীতে জোরপূর্বক ও প্রতারণার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘের ইউক্রেন বিষয়ক স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন।
কমিশন বলছে, বিভিন্ন দেশে সক্রিয় আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সঙ্গে সমন্বয় করে প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে এসব বিদেশি নাগরিককে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে; যাদের অনেকে নিহত, আহত, বন্দি কিংবা নিখোঁজ হয়েছেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে উপস্থাপনের জন্য প্রকাশিত এক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। সোমবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
সংস্থার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের কমিশন ৪৮টি দেশের নাগরিকদের রুশ বাহিনীতে যুক্ত করার ঘটনা তদন্ত করে ২৯টি দেশের নাগরিকদের ক্ষেত্রে সরাসরি প্রতারণা ও জবরদস্তির প্রমাণ পেয়েছে। তালিকায় বাংলাদেশের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপিন্স, ঘানা, নাইজেরিয়া, কেনিয়া, উজবেকিস্তানসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ রয়েছে।

ছবি: সংগৃহীত
পাচার ও প্রতারণার শিকার ব্যক্তিদের সবাই ১৮ থেকে ৬০ বছর বয়সি পুরুষ; তারা প্রধানত আর্থসামাজিক ও শিক্ষাগতভাবে প্রান্তিক জনগোষ্ঠীর। তাদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হয়।
বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে যে তথ্য মিলেছে
প্রতিবেদনে বলা হয়, তদন্ত কমিশন বাংলাদেশিদের ক্ষেত্রে রাশিয়ায় প্রবেশের জন্য ব্যবহৃত বেশ কিছু ব্যবসায়ী ভিসার অনুলিপি সংগ্রহ করেছে। এসব ভিসায় রাশিয়ার একটি বেসামরিক প্রতিষ্ঠানের আমন্ত্রণের কথা বলা হয়েছিল। কাগজপত্রে এই ব্যক্তিদের ভ্রমণের উদ্দেশ্য বেসামরিক হিসেবে দেখানো হলেও, মূলত এর আড়ালেই রুশ বাহিনীতে লোক নিয়োগ দেওয়া হচ্ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যম ও এজেন্সির মাধ্যমে নিরাপত্তাকর্মী, গাড়িচালক, নির্মাণশ্রমিক, ইলেকট্রিশিয়ান ও পরিচ্ছন্নতাকর্মীর মত পেশায় চাকরির প্রলোভন দেওয়া হত। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর অনেকের ফোন ও পাসপোর্ট কেড়ে নেওয়া হয় এবং রুশ ভাষায় লেখা সামরিক চুক্তিতে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেওয়া হয়।

ছবি :সংগৃহীত
এক ভুক্তভোগী বাংলাদেশির স্ত্রী বলেন, “পাসপোর্ট কেড়ে নিয়ে শুধু রুশ ভাষায় লেখা চুক্তির বিভিন্ন জায়গায় আমার স্বামীকে স্বাক্ষর করতে বলা হয়েছিল। প্রচণ্ড চাপের মুখে পড়েছিলেন তিনি, আর কোনো উপায় ছিল না।“
-টিভি টুডে
TV Today HD Desk: 




















