
অপেক্ষা শেষ ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট শুরু
সকল জল্পনার অবসান ঘটিয়ে আজ অনুষ্ঠিত হবে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্ট। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম।
প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টির কারণে শেষ মুহূর্তে ভ্যেনু পরিবর্তন করা হয়েছে, আজ রাজধানীর ১০০ ফুট এলাকায় মাদানী এভিনিউয়ে ‘শেফ’স টেবল কোর্টসাইড’এ তাঁর সংগীত পরিবেশন করবেন। উল্লেখ্য যে বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে ঢাকায় পৌঁছান জনপ্রিয় এই গায়ক। এর মাধ্যমে এই প্রথিতযশা সংগীতশিল্পীর ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।
কনসার্টকে সামনে রেখে এর আগে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আতিফ আসলাম বলেন, “হ্যালো আমী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই ঢাকার ৩০০ ফিটে ক্রিকেটারস একাডেমিতে লাইভ পারফর্ম করতে যাচ্ছি। আপনাদের সবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। লেটস রক দ্য শো।“
কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান দেশের শীর্ষ স্থানীয় ব্রান্ড শাহ্ সিমেন্ট। ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্তের মাধ্যমে তারুণ্যের বিনোদন উদযাপন এবং আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজনের প্রতি নিজেদের সমর্থন আরও একবার তুলে ধরেছে শাহ্ সিমেন্ট।
দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম পাকিস্তানের পাশাপাশি ভারত ও বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। বলিউডের অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দিয়ে তিনি উপমহাদেশজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার সেই জনপ্রিয় শিল্পীকে সরাসরি মঞ্চে দেখার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ভক্তরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের দিন আজ দুপুর ২টায় ভ্যেনুর গেট খুলে দেওয়া হয়েছে, সন্ধ্যে ৬টায় গেট বন্ধ হবে। বিকেল ৫টায় শুরু হওয়া সংগীতানুষ্ঠান চলবে একটানা রাত ১০ টা পর্যন্ত।
TV Today HD Desk: 























