
কলকাতা নিউ মার্কেট এলাকার হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু
পশ্চিমবঙ্গের কলকাতা নিউমার্কেটর সন্নিকটে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকান্ডে ৯জন নিহত এবং গুরুতর আহত হয়েছেন অন্তত ৮জন। আহতদের দ্রুত উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে জানা যায়, হোটেলে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারানো সবাই বাংলাদেশি।
মঙ্গলবার (১৯ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ২টার দিকে ‘শিখা ইন’ নামে ওই আবাসিক হোটেলে আগুনের সুত্রপাত হয়। অগ্নিকান্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।
নিহত ব্যক্তিরা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে পাঁচতলা ভবনের তিনতলায় অবস্থিত ‘হোটেল শিখা ইন’-এ অবস্থান করছিলেন।
অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ও কাছেই অবস্থিত দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। আহত ৬জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনা স্থলের পাশেই সেন্ট্রাল গেস্ট হাউজের ম্যানেজার ববির সূত্রে জানা যায়, রাত পৌনে ২টার দিকে আগুন লেগে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সরু প্রবেশপথ, ঘুমন্ত অবস্থা এবং পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় অনেকে আটকা পড়েন।
তবে হতাহতের মধ্যে আরও বাংলাদেশি নাগরিক থাকতে পারে এমন আশংকা রয়েছে। কারণ নিউ মার্কেটের আশেপাশে এ হোটেলগুলোর অবস্থান হওয়ায় মূলত বাংলাদেশ থেকে যাওয়া বেশিরভাগ পর্যটক ও রোগীরা এসব স্থানে অবস্থান করেন।
দমকল বাহিনীর সদর দপ্তরের কাছেই ঘটনাটি ঘটায় দ্রুত ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ধারণা করছে দমকল বাহিনী। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে মোট কতজন গেস্ট ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
TV Today HD Desk: 






















