
সেমিকন্ডাক্টর শিল্প হতে পারে অর্থনীতির নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
তৈরি পোশাকশিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য নতুন আরেকটি সম্ভাবনার অর্থনৈতিক গন্তব্য। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, ‘সীমাবদ্ধতা প্রতিকূলতা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়েই বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাকশিল্প, প্রবাস আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এ চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতিমধ্যে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। আমাদের মেধাবী তারুণ্য দক্ষ এবং উদ্যমী জনশক্তির ওপরে ভর করে যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাকশিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনার অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার বিনীত আহবান জানাই।’
শনিবার (২৫ জুলাই) মওলানা ভাসানী নভোথিয়েটারে জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে এবং বায়োটেক, ইলেকট্রনিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস (বিইএআর) সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। মওলানা ভাসানী নভোথিয়েটারে জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বায়োটেক, ইলেকট্রনিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিকস (বিইএআর) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সিলিকন রিভার যৌথ উদ্যোগে এই সম্মেলনে সেমিকন্ডাক্টর শিল্পের উন্নয়ন, বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ব, প্রযুক্তির সমন্বয়, উচ্চ প্রযুক্তির ভবিষ্যৎ, উদ্যোক্তা উন্নয়ন, বাংলাদেশের প্রযুক্তি খাতে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততা এবং উন্নত উৎপাদন ব্যবস্থা বিষয়ক ১১টি অধিবেশন এবং সাতটি কৌশলগত আলোচনাসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়।
TV Today HD Desk: 





















