
জিও নিউজের লাইসেন্স স্থগিত করলো পাকিস্তান, মহররমের অনুষ্ঠান ঘিরে বিতর্ক

জিও নিউজ টেলিভিশন চ্যানেলের মাইকআইডি
পবিত্র মহররম উপলক্ষে প্রচারিত একটি অনুষ্ঠান নিয়ে আপত্তির জেরে পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা টেলিভিশন চ্যানেল জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে।
নিয়ন্ত্রক সংস্থার দাবি, গত ২৬ জুন প্রচারিত ওই অনুষ্ঠানে এমন কিছু ধর্মীয় দৃশ্য দেখানো হয়েছে, যা মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন এবং জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা উল্লেখ্য করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর প্রকাশ করেছে রয়টার্স।
পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) –এর অভিযোগ, গত ২৬ জুন মহররম উপলক্ষে চ্যানেলটির প্রচারিত একটা অনুষ্ঠানে দর্শকদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কিছু ধর্মীয় দৃশ্য দেখানো হয়েছিল; জানিয়েছে আরব নিউজ।
নিয়ন্ত্রক সংস্থা বলেছে ১০ মহররম জিও নিউজ তাঁদের বিশেষ সম্প্রচারে ‘সফর-ই-ইশক’ শিরোনামে একটি অনুষ্ঠান সম্প্রচার করে যেখানে ‘ধর্মীয় দৃশ্যায়ন’ দেখানো হয়েছিল। এ ধরনের দৃশ্যায়নের সম্প্রচার একটি ‘গুরুতর নিয়ন্ত্রন উদ্বেগ’ তৈরি করেছে। এসব বিষয়বস্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার ঝুকি তৈরি করতে পারে বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থাটি। এ কারণেই জিও নিউজের সম্প্রচার লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
তবে এ ঘটনার পর রোববার জিও নিউজ এক বিবৃতিতে ক্ষমা চেয়েছে। চ্যানেলটি জানিয়েছে, অনুষ্ঠানটি ভুলবশত সম্প্রচারিত হয়েছিল এবং এটি তাদের সম্পাদকীয় নীতি বা বিশ্বাসের প্রতিফলন নয়।
জিও নিউজ আরও জানায়, বিতর্কিত অংশটি তাদের সব প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রচারিত ফুটেজে ইরাক ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মানুষের কিছু ধর্মীয় আচার-অনুষ্ঠান তুলে ধরা হয়েছিল।
এর উদ্দেশ্য ছিল স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতি উপস্থাপন করা, কোনো ধর্মীয় মতের সমর্থন করা নয়।
পাকিস্তানে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এবং অন্যান্য নবী-রাসুলদের চিত্রায়ণ অত্যন্ত স্পর্শকাতর বিষয় হিসেবে বিবেচিত হয়।
পশ্চিমা দেশগুলোতে তাঁদের নিয়ে প্রকাশিত কার্টুনকে কেন্দ্র করে অতীতেও দেশটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে ধর্মীয় বিরোধ দ্রুত জনরোষে রূপ নিতে পারে। এ কারণে পবিত্র আশুরা উপলক্ষে দেশটির সরকার প্রতিবছরই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
পাকিস্তানের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সম্পাদকীয় সতর্কতা অবলম্বনে ব্যর্থ হওয়ায় জিও নিউজের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে চ্যানেলটিকে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি সংস্থাটির অভিযোগ কাউন্সিলে পাঠানো হয়েছে।
পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেলগুলোকে মাঝেমধ্যে নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন পদক্ষেপ, সম্প্রচার স্থগিত এবং নানা বিধিনিষেধের মুখোমুখি হতে হয়।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ২০২৬ সালের বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে পাকিস্তানের অবস্থান ১৫৩তম।
TV Today HD Desk: 






















