
ড্যাপ সংশোধনসহ গৃহায়ণ সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের রাজউক-রিহ্যাব বৈঠক

ড্যাপ সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম-এর সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নির্বাহী পর্ষদ (২০২৬–২০২৮)-এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সরাসরি ভোটে সদ্য নির্বাচিত রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে রিহ্যাব পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্যরা অংশগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাজউকের প্রধান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজউক চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে ড্যাপ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে।
তিনি বলেন, সীমিত জমির বাস্তবতায় আধুনিক নগরায়নের জন্য সিটি সেন্টারের মতো বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। পাশাপাশি তিনি সমগ্র দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ঋণ ও প্রণোদনা প্রদানের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ড্যাপ ও আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে একটি দীর্ঘ আলোচনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন। রাজউক চেয়ারম্যান প্রস্তাবটি সাদরে গ্রহণ করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের আশ্বাস প্রদান করেন।
এছাড়া ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদ, পরিচালক মোঃ মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
রাজউক চেয়ারম্যান বলেন, “দেশ সবার। সবার জন্য একটি পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।” তিনি রিহ্যাবের ভূমিকার প্রশংসা করেন এবং যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
এ বৈঠকে রিহ্যাব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মোঃ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ জনাব এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক ডা. এন. জোহা, আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া মজুমদার, আলহাজ্ব প্রফেসর ফারুক আহমদ, মোঃ জহির আহমেদ, ক্যাপ্টেন মোঃ শাহ আলম,মোঃ খাজা নজিবুল্লাহ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, মোঃ ইমদাদুল হক, এম ফখরুল ইসলাম এবং মোঃ এমদাদুল হোসেন সোহেল।
TV Today HD Desk: 


















