
তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরে সঙ্গী হয়েছেন কারা?
তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া। শুরুতে মালয়েশিয়া, পরে সেখান থেকে চীনে। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিনী ডা. জুবাইদা রহমান। এছাড়া সঙ্গে রয়েছেন ৮ মন্ত্রি, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। সব মিলিয়ে সফর সঙ্গী ২৫ জন।

রবিবার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মালয়েশিয়ায় ও চীন সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান মালয়েশিয়া পৌঁছানোর পর সোমবার দুপুরের পর কুয়ালালামপুর থেকে রওনা হয়ে চীনের বন্দরনগর দালিয়ানে যাবেন। ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৮ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা। তারা হলেন— পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদার) রাশেদ আল মাহমুদ তিতুমির, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) হুমায়ুন কবির এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এছাড়া প্রধানমন্ত্রীর সফর সঙ্গী রয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক) তানভীর গনি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত কুয়ালালামপুরও। সফর উপলক্ষে বর্ণাঢ্য সাজে সেজেছে কুয়ালালামপুর। পথে পথে বাংলাদেশের জাতীয় পতাকা এবং মালয়েশিয়ার পতাকা শোভা পাচ্ছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তারেক রহমান দু’দিনের সফরে যাচ্ছেন। এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক রয়েছে তারেক রহমানের। সফরে বিশেষ গুরুত্ব পাবে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং অনিয়মিত কর্মীদের নিয়মিত করা। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা, শিক্ষা সহযোগিতা ও বিনিয়োগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পাবে।
TV Today HD Desk: 





















