
সম্মিলিত ইসলামি ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিয়েছে সরকার

সম্মিলিত ইসলামি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে বিশিষ্ট ব্যাংকার ও করপোরেট ব্যক্তিত্ব কাজী শায়রুল হাসানকে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এমডি পদে নিয়োগ পেয়েছেন ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ব্যাংকিং, আর্থিক সেবা, এফএমসিজি, টেলিযোগাযোগ ও সেবা খাতে ৪১ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতার অধিকারী কাজী শায়রুল হাসান। ফাইসন্স (ইউকে) লিমিটেড, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংকসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট (পিজিডিআইএম) অর্জন করেছেন।
উল্লেখ্য, সাম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৬ষ্ঠ সভা আগামী বুধবার (১০ জুন) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রম, আর্থিক অবস্থা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
TV Today HD Desk: 




















