
বগুড়া ও সিলেটে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ আহত ৫০
সাত সকালে দেশের দুই প্রান্তে দুই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এর মধ্যে বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় দ্রুত গতির বাস মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে ৭ শ্রমিককে চাপা দেয় এবং সিলেটের ওসমানীনগরে বেঙ্গল পরিবহন ও ইউনিক পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় নয়জন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।
শুক্রবার ভোরে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার এরুলিয়া বাজার (সিল্কিবান্ধা) এলাকায় ভোর সাড়ে পাচটার দিকে ঢাকা থেকে নওগাঁগামী ‘শাহ ফতেহ আলী পরিবহন’ –এর একটি শীতাতপ নিয়ন্ত্রিত দ্রুতগতির বাস হঠাৎ সামনে পড়া একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি দ্রুত ব্রেক চাপলে ডানপাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে এবং তীব্র গতিতে রাস্তার পাশে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিনমজুর শ্রমিকদের ওপর বাসটি উঠে যায়।
এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় গুরুতর আহত অন্তত ২০ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ফলে এ দুর্ঘটনায় মোট ৭ জন প্রাণ হারান।
শ্রমিকদের মধ্যে নিহত ও আহত সবাই ভোরে কাজের সন্ধানে এরুলিয়া বাজারে বসা শ্রমিকদের হাটে এসেছিলেন। গাইবান্ধা, রংপুর, পাবনাসহ বিভিন্ন জেলা থেকে আসা দিনমজুররা প্রতিদিন সাত সকালে এই হাটে কাজের সন্ধানে আসেন। স্থানীয় গৃহস্থরা এখান থেকেই দৈনিক মুজুরির দরদাম ঠিক করে শ্রমিক সংগ্রহ করে থাকেন।
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৯ যাত্রীর মৃত্যু হয়েছে। সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার দয়ামীর (কাশিকাপন) এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও ২৫ থেকে ৩০ জন।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ‘বেঙ্গল স্লিপার কোচ’ ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ‘ইউনিক পরিবহনে’র দুটি বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানা যায়। সিলেট ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি জানিয়েছেন।
ওসি জানান, ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাস এবং সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ওসমানীনগরের দয়ামীর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। সূত্র আরও জানায়, নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী।
বাসটি খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৮ জন যাত্রী প্রাণ হারান। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়, যার ফলে মোট নিহতের সংখ্যে দাড়ায় ৯ জনে। আহতদের বেশির ভাগ একই বাসের যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
-টিভি টুডে
TV Today HD Desk: 





















