
বাংলাদেশের শিল্পায়ন ও রপ্তানি সক্ষমতা বাড়াবে সিইআইজেড
চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের (সিইআইজেড) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘সিইআইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ফল বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই শিল্পাঞ্চল বাংলাদেশের শিল্পায়ন ও সরবরাহ শৃঙ্খল উন্নয়নে সহায়তা করবে। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করবে।’
সফরকালে তিনি এ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।
ভিত্তিপ্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, স্থানীয় জনপ্রতিনিধি, বাসিন্দা, চীনা কোম্পানির প্রতিনিধিবৃন্দ। ‘চীন এই প্রকল্পের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে, উন্নতমানের প্রতিষ্ঠান আকর্ষণ করতে এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় এটিকে একটি যুগান্তকারী প্রকল্প হিসেবে গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত’— যোগ করেন তিনি।
আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের নেতৃবৃন্দ ও কর্মকর্তারা জানালেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও শিল্পায়ন ত্বরান্বিত করতে সিইআইজেড দেশের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প। তারা আশা প্রকাশ করেন, এই শিল্পাঞ্চলের মাধ্যমে বাংলাদেশ-চীন অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হবে, উন্নয়নের প্রতিবন্ধকতা দূর হবে এবং স্থানীয় জনগণ সরাসরি এর সুফল ভোগ করবে।
TV Today HD Desk: 




















