
স্বাস্থ্যসেবা সহজ করতে রিহ্যাব ও ইবনে সিনা ট্রাস্টের সমঝোতা স্মারক সই


বাংলাদেশের আবাসন খাতের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একমাত্র ট্রেড অর্গানাইজেশন রিহ্যাবের সদস্য ও উদ্যোক্তা, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ইবনে সিনা ট্রাস্টের মধ্যে একটি যুগান্তকারী সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে রিহ্যাব (ঢাকা) এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় রিহ্যাবের সদস্য, সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং তাদের আইনগত নির্ভরশীলরা দেশের সব ইবনে সিনা হাসপাতাল, ডায়াগনস্টিক ও সংশ্লিষ্ট ইউনিটে বিভিন্ন স্বাস্থ্যসেবায় ৩৫ শতাংশ মূল্যছাড় পাবেন। এর মধ্যে রয়েছে প্যাথলজিক্যাল পরীক্ষা, পিসিআর পরীক্ষা, বিভিন্ন বিশেষায়িত ল্যাব টেস্ট এবং অধিকাংশ রেডিওলজি ও ইমেজিং সেবায় মূল্যছাড়। এ ছাড়া মুল্যছাড়ে কমপ্রিহেনসিভ হেলথ চেক-আপ ও কার্ডিয়াক হেলথ চেকআপ প্যাকেজ গ্রহণের সুযোগও থাকবে।
দ্বিপাক্ষিক সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, একটি সুস্থ কর্মশক্তি একটি শক্তিশালী অর্থনীতির অন্যতম ভিত্তি।
আবাসন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২ কোটি মানুষ সম্পৃক্ত। তাদের জন্য উন্নত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারলে কর্মদক্ষতা যেমন বাড়বে, তেমনি সামাজিক নিরাপত্তা আরও জোরদার হবে।
তিনি বলেন, এই সমঝোতা সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভবিষ্যতেও সদস্য ও সংশ্লিষ্টদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
এসময় ইবনে সিনা ট্রাস্টের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ফয়েজ উল্যাহ বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই ইবনে সিনা ট্রাস্টের অন্যতম লক্ষ্য। রিহ্যাবের সঙ্গে এই সমঝোতার মাধ্যমে আবাসন খাতের সর্ববৃহৎ জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা মানুষের সুস্থ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দু’পক্ষের সমঝোতা স্মারকটি দুই বছর মেয়াদি হবে এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, ইবনে সিনা ট্রাস্টের এডিশনাল ডিরেক্টর একাউন্টস অ্যান্ড ফিন্যান্স গোলাম মর্তুজা মাসুদ, ডিজিএম এডমিন মুহাম্মদ জাহিদুর রহমান, এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী, রিজিওনাল ইনচার্জ (করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট) মোহাম্মদ মাসুদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিশেষে রিহ্যাব ও ইবনে সিনা ট্রাস্টের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই অংশীদারিত্বকে উভয় প্রতিষ্ঠানই স্বাস্থ্যসেবা ও করপোরেট কল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। এর মাধ্যমে আবাসন খাতের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য মানসম্মত চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও সাশ্রয়ী হবে বলে তারা মত প্রকাশ করেন।
-টিভি টুডে
TV Today HD Desk: 




















