
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮দফা দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ


শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ আট দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় ও উত্তরায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই দুই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে সায়েন্সল্যাব মোড় পরে উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শী জানান, সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, সিটি কলেজ, আব্দুর রউফ কলেজ, নূর মোহাম্মদ পাব্লিক কলেজ, শহীদ সোহরাওয়ারদী কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ ও ক্যামব্রিয়ান কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারেননি।
এ ছাড়া গতকালের পরীক্ষায় অনেক শিক্ষার্থী অংশ নিতে পারেননি। এ কারণে তারা পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানান।
আন্দোলনরত ক্যামব্রিয়ান কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা ক্যামব্রিয়ান কলেজ থেকে এসেছি। গতকাল আমাদের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ফিজিক্স ও অ্যাকাউন্টিংয়ের মতো গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের পরীক্ষা ছিল। আমরা শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানিয়েছিলাম, বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক।
তিনি জানিয়েছিলেন, যদি বৈরী আবহাওয়া থাকে তাহলে পরীক্ষা স্থগিত করা হবে। কিন্তু রাতভর ও সকালেও বৃষ্টি হওয়ার পরও পরীক্ষা স্থগিত করা হয়নি। উল্টো আমাদের সঙ্গে দমন-পীড়নমূলক আচরণ করা হয়েছে।
শিক্ষার্থীরা আরও বলেন, ফিজিক্স ও অ্যাকাউন্টিং পরীক্ষায় যারা অংশ নিতে পারেনি, তাদের পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ দিতে হবে। অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, তাদেরও পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে। তা না হলে এমসিকিউ ও সিকিউ মিলিয়ে পাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এদিকে সড়ক অবরোধের কারণে সায়েন্সল্যাব, নীলক্ষেত, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি চলছিল।
এদিকে চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের ত্রুটি ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা পরীক্ষা স্থগিতের পাশাপাশি আট দফা দাবি জানিয়ে সরকারের কাছে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, এক ঘণ্টার মধ্যে তাদের উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা দিনব্যাপী এই মহাসড়ক পুরোপুরি অবরোধ করে রাখবেন।
এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি অংশে সব ধরনের যান চলাচল ব্যাহত হচ্ছে, যার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা জনসাধারণের কোনো দুর্ভোগ সৃষ্টি করতে চান না।
বরং একটি মানবিক ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই তারা এই কর্মসূচি পালন করছেন।
শিক্ষার্থীদের ৮ দফা
* দায় স্বীকার: শিক্ষা মন্ত্রণালয়কে নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে।
* গবেষণা বন্ধ: এইচএসসি-২০২৬ শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের বিতর্কিত পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণা চালানো বন্ধ করতে হবে।
* পরীক্ষা স্থগিত: দেশজুড়ে পরীক্ষা নেওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত চলমান পরীক্ষা স্থগিত রাখতে হবে।
* ভুলের জন্য ক্ষমা প্রার্থনা: পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের জন্য সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হবে।
* ক্ষতিপূরণ: প্রশ্নপত্রে ত্রুটির কারণে বিজ্ঞান বিভাগের সব বোর্ডের পরীক্ষার্থীদের বাধ্যতামূলক ১৪ নম্বর দিতে হবে।
* শিক্ষার্থী–বান্ধব ব্যবস্থা: শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার্থী-বান্ধব ও চাপমুক্ত করতে হবে।
* মানোন্নয়ন: গত দুই বছরের প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্নপত্রের মান উন্নয়ন করতে হবে।
* প্রাথমিক গুরুত্ব: শিক্ষা ব্যবস্থার সংস্কারে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এদিকে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন থানা ও ট্রাফিক পুলিশ।
এসব উদ্ভূত পরিস্থিতি নিরসনে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং অবস্থানকারীদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালাচ্ছেন।
TV Today HD Desk: 





















