
চার দিনব্যাপী রিহ্যাব সামার ফেয়ার শুরু হচ্ছে ১২ আগস্ট
আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন ‘রিহ্যাব সামার ফেয়ার-২০২৬’ আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ মেলা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। সোমবার, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) –এর স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সভা শেষে এ তথ্য জানানো হয়। রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করা হয়েছে। এটি আবাসন খাতের অন্যতম বৃহৎ মেলা।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) -এর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় মিডিয়া কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক, তাসনোভা মাহবুব সালাম সভার সভাপতিত্ব করেন।
মিডিয়া কমিটির প্রথম এ সভায়, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালাম- মিডিয়ার বিস্তারিত কর্মপরিকল্পনা, গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার, রিহ্যাবের কার্যক্রমের ইতিবাচক প্রচার, ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিতি বৃদ্ধি, তথ্যভিত্তিক যোগাযোগ, গুজব প্রতিরোধ এবং ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
মিডিয়া কমিটির চেয়ারম্যান বলেন, এই মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলো এতে অংশ নেবে। মেলায় থাকবে আবাসনসংশ্লিষ্ট বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। আবাসন ঋণের জন্য থাকবে আর্থিক খাতের বিভিন্ন সংস্থাও।
রিহ্যাব মিডিয়া উইং থেকে আনুষ্ঠানিকভাবে এ মেলার ঘোষণা দেওয়া হয়। রিহ্যাব সচিবালয়ের সভাকক্ষে সভা শেষে এ ঘোষণা আসে। এটি ছিল স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার প্রথম সভা।
মিডিয়া কমিটির সভায় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট (৩) এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার কো-চেয়ারম্যান তৌহিদা সুলতানা, এম. ছাখাওয়াত হোছাইন ও মোহাম্মদ মোবারক হোসেন, স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সদস্য এম. মমিনুল ইসলাম সংগ্রাম, শামিমা আলম, শরীফ উদ্দিন আহমেদ, মিজানুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ও ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন।
এ সময় রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘আবাসন খাতের উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্বশীল ও ইতিবাচক গণমাধ্যমের বিকল্প নেই।’ তিনি রিহ্যাবের কার্যক্রম আরও কার্যকরভাবে জনগণের কাছে তুলে ধরতে স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন।
চার দিনব্যাপী এ মেলায় দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান, আবাসনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং আর্থিক খাতের প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করবে। মেলায় দর্শনার্থীরা একই ছাদের নিচে বিভিন্ন আবাসন প্রকল্প, ফ্ল্যাট, প্লট, গৃহঋণ সুবিধা এবং বিনিয়োগসংক্রান্ত তথ্য জানার সুযোগ পাবেন।
TV Today HD Desk: 














