
আইসিসিবিতে লিফট অ্যান্ড এস্কেলেটর নিয়ে তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু
স্টাফ রিপোর্টার:
রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বেলিয়া সেকেন্ড ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) প্রদর্শনী উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি। বাংলাদেশ এলিভেটর, এস্কেলেটর অ্যান্ড লিফট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) এই প্রদর্শনী আয়োজন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলিয়ার সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ইয়াদুল হক, এক্সপো আয়োজক কমিটির চেয়ারম্যান নেয়ামুল হক সায়েম, ইভেন্ট ম্যানেজার ও এক্সপোনেট এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল হক এবং আন্তর্জাতিক ইভেন্ট পার্টনার বেইজিং ইয়াবু ইন্টারন্যাশনাল এক্সিবিশন কোম্পানি লিমিটেডের করপোরেট রিলেশনস ম্যানেজার লিসা লু অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট খাতের পেশাজীবীরা অংশ নেন।
অনুষ্ঠানে এলিভেটর আমদানিতে অতিরিক্ত শুল্ক ও কর আরোপের কারণে পণ্যের দাম বৃদ্ধি ও নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খাতসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। একই সঙ্গে এলিভেটর শিল্পের মান নিয়ন্ত্রণে স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি জানিয়েছেন তারা।
বেলিয়ার সভাপতি মো. শফিউল আলম উজ্জ্বল বলেন, ‘অতিরিক্ত শুল্ক ও কর আরোপের কারণে দেশের এলিভেটর ও আবাসন খাত চাপে পড়েছে। ২০২২ সাল থেকে কয়েক দফায় শুল্ক ও কর বাড়ানো হয়েছে। ২০২৬ সালেও বাড়ানো হয়েছে। ফলে আমদানি ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে।’
আলম বলেন, ‘শুল্ক বৃদ্ধির কারণে আধুনিক ও উন্নত প্রযুক্তির লিফটের দাম বেড়ে গেছে। ফলে আবাসন খাতের ডেভেলপার ও বাড়ি নির্মাতারা নির্মাণ ব্যয় নিয়ন্ত্রণে রাখতে কম দামের লিফট কিনতে বাধ্য হচ্ছেন। এতে লিফটের গুণগত মান ও মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হচ্ছে।
সরকারের দৃষ্টি আকর্ষণ করে বেলিয়া সভাপতি বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে করের বোঝা চাপানো হলে আবাসন খাত আরও সংকটে পড়বে। তাই শিল্পের সক্ষমতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শুল্কনীতিতে স্থিতিশীলতা আনা প্রয়োজন।
এলিভেটর শিল্পের নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করতে দেশে একটি স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি জানান শফিউল আলম উজ্জ্বল। তিনি বলেন, ‘দেশীয় উৎপাদন খাতের বিকাশ ইতিবাচক। বেলিয়ার অনেক সদস্য বর্তমানে উৎপাদন কার্যক্রমে যুক্ত হয়েছেন। তবে এলিভেটরের মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিপণ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক মান, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে কার্যকর তদারকি প্রয়োজন। বাজারে মানহীন পণ্য ও অনিয়ম ঠেকাতে একটি স্বতন্ত্র নিয়ন্ত্রক সংস্থা গঠন জরুরি। এ বিষয়ে বেলিয়া কয়েক বছর ধরেই সরকারের কাছে দাবি জানিয়ে আসছে।
এ সময়ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়ে প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি বলেন, ‘ব্যবসা পরিচালনার প্রক্রিয়া সহজ করতে সরকার কাজ করছে। দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া কমিয়ে সমন্বিত সিঙ্গেল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে মাত্র ১৪ দিনের মধ্যে ব্যবসায়িক লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এলিভেটর খাতের ব্যবসায়ীদের উত্থাপিত সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেলিয়ার প্রতিনিধিদের নিয়ে একটি কার্যকর বৈঠকের আয়োজন করা হবে। দেশীয় শিল্পের বিকাশে সরকার সহযোগিতা করবে। তবে সরকারি অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ডে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি এলিভেটরের নিরাপত্তা ও পরিচালন দক্ষতার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
–টিভি টুডে
TV Today HD Desk: 























