
ঢাকায় শুরু হলো নির্মাণ শিল্পের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী
নিজস্ব প্রতিনিধি:
নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী চলছে রাজধানীর; ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)
আয়োজিত তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এ মেলা।

প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে:
৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬, ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী, ২৩তম সোলার
বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬ এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬।
আইসিসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস -গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুলইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নার্গিস মুর্শিদা; হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (এসআরইডিএ) সদস্য (যুগ্ম সচিব) ড. আশরাফুল আলম

এবং ইনভেস্ট বাংলাদেশ-এর মহাপরিচালক (বিনিয়োগ উন্নয়ন, গবেষণা ও নীতি) গাজী এ কে এম ফজলুল হক।
এ ছাড়া ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন, আর্কিকানেক্টের প্রতিষ্ঠাতা স্থপতি জালাল আহমেদ, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট বিল্ডিংস বিষয়ক পরামর্শক এ টি এম ইকবাল চৌধুরী এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজ।
নির্মাণ ও আবাসন খাতের প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, নির্মাণপ্রযুক্তি, ইন্টেরিয়র ও ফিনিশিং উপকরণ এবং আবাসন প্রকল্প তুলে ধরা হচ্ছে। বিল্ড সিরিজে লেসো বাংলাদেশ, কিংলং, আর আর ক্যাবল, জুমলায়ন, এস. এস. লিমিটেড, রহিম স্টিল, একেএস ও আকিজ ইলেক্ট্রনিক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের অংশগ্রহণে ৪ নম্বর হলে থাকছে শ্রীলঙ্কা প্যাভিলিয়ন।
বিদ্যুৎ, সৌরশক্তি ও লাইটিং প্রদর্শনীতে নবায়নযোগ্য জ্বালানি, সৌরবিদ্যুৎ, স্মার্ট লাইটিং ও সংশ্লিষ্ট প্রযুক্তি তুলে ধরা হচ্ছে। পাওয়ার সিরিজে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওরিয়েন্ট, এসিআই রিনিউএবেল এনার্জি, ওমেরা, হুয়াওয়ে, রহিম আফরোজ, সিমেন্স, পিডিএল, ফকির টেকনোলজিস, ইউসিসি, আইকন সোলার, গ্রামীণ সোলার, ওরবেড গ্রিন এনার্জি ও ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং।
ওয়াটার বাংলাদেশ প্রদর্শনীতে পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা ও স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্টের প্রযুক্তি ও সমাধান প্রদর্শিত হচ্ছে।

এবারের ছয়টি প্রদর্শনীতে ২০টির বেশি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। রয়েছে ৫০০টির বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনে ২০ হাজারের
বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থী এসব প্রদর্শনীতে অংশ নেবেন।
এদিকে, ১২ থেকে ১৪ নভেম্বর আইসিসিবিতে অনুষ্ঠিত হচ্ছে ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬। এতে থাকছে বিশেষায়িত মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল সেশন
এবং ডেল্টা অ্যাওয়ার্ডপ্রাপ্ত ও প্রশংসাপত্র পাওয়া প্রকল্পের উপস্থাপনা।
–টিভি টুডে
TV Today HD Desk: 



















