
৩০ জুলাই শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিং দিলেই মিলবে ছাড়
রাজধানীতে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (হাব) -এর উদ্যোগে তিন দিনব্যাপী ‘হজ ও ওমরা ফেয়ার শুরু হচ্ছে। জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা শুরু হবে আগারগাও অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে, আয়োজিত এ মেলা চলবে ১ আগস্ট পর্যন্ত। হজ ও ওমরা গমনেচ্ছুদের সঠিক তথ্য, বিভিন্ন প্যাকেজ এবং সংশ্লিষ্ট সেবা সম্পর্কে ধারণা দিতে এবারের মেলায় হজ এজেন্সি, ব্যাংক ও বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের ১৫৪টি স্টল থাকবে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (হাব) –এর সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ারসহ হাবের বিভিন্ন শ্রেণির নেতৃবৃন্দ।
সম্মেলনে হাবের মহাসচিব বলেন, এবারের ‘হজ ও ওমরা ফেয়ার ২০২৬ শুরু হচ্ছে ৩০ জুলাই আগামী বৃহস্পতিবার । তিন দিনব্যাপী এ মেলা ৩০ জুলাই শুরু হয়ে চলবে ১ আগস্ট পর্যন্ত। আমরা মেলার দর্শনার্থী ও সম্মানিত হজ ও ওমরাহ গমনেচ্ছুকদের সুবিধার কথা চিন্তা করে, রাজধানীর বাংলাদেশ- চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ মেলার আয়োজন করেছি।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার সকাল ৯টায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। অনুষ্ঠান সঞ্চালনা করবেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিমান ও পর্যটন সচিব ফাহমিদা আখতার এনডিসি, ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ এনডিসি এবং সৌদি আরবের উপ-রাষ্ট্রদূত আবদুল আজিজ ফাহাদ এম আল ইবরাহিম।
মেলায় হজ এজেন্সি, বিভিন্ন ব্যাংক ও হজ সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের মোট ১৫৪টি স্টল থাকবে। হজ গমনেচ্ছুরা বিভিন্ন হজ ও ওমরা প্যাকেজ, সেবার মান, খরচ এবং বুকিং সংক্লান্ত তথ্য এক ছাদের নিচেই জানতে পারবেন। একই সাথে দালাল, মধ্যস্বত্বভোগী ছাড়াই সংশ্লিষ্ট এজেন্সির সঙ্গে সরাসরি যোগাযোগ ও বুকিংয়ের সুযোগ পাবে।
এদিকে সৌদি আরব ইতোমধ্যে ২০২৭ সালের হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ও ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ করেছে।
এরই অংশ হিসাবে ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুই ধাপে ৪৮০টি হজ এজেন্সিকে হজ কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
TV Today HD Desk: 











