
চীনের নেতৃত্বে এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ


চীনের নেতৃত্বে গঠিত পৃথিবীব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে সাংহাইভিত্তিক সংস্থা ওয়াইকোতে (ডব্লিউএআইসিও) পর্যবেক্ষক সদস্য হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা ফেইসবুকে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওয়াইকো বা বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা একটি আন্তঃসরকারি সংগঠন, যা গত ১৬ জুলাই প্রতিষ্ঠিত হয়। একই দিনে চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ে অনুষ্ঠিত এআই সম্মেলনের এক অনুষ্ঠানে ২৯টি দেশ এ সংস্থা গঠনের চুক্তিতে স্বাক্ষর করে, এই জোটের ঘোষণা দেয় চীন।
চীনের সঙ্গে এই জোটে প্রাথমিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে কাজাখস্তান, লাওস, পাকিস্তান, রাশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চীনের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এই চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
ওই সম্মেলনে চুক্তি অনুযায়ী, সংস্থাটি জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতিমালা অনুসরণ করবে এবং পারস্পরিক পরামর্শ, যৌথ অবদান ও সবার জন্য সুফল নিশ্চিত করার নীতিতে পরিচালিত হবে। এতে মানুষকেন্দ্রিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ওই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি তৈরি ও ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতা করতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যুক্তরাষ্ট্রের নাম না নিয়েই তিনি বলেছেন, কোনো ‘একক দেশের’ এই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ থাকতে পারে না। ‘এআইয়ের উন্নয়ন কোনো দেশের একক পরিবেশনা নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার ঐক্যতান হওয়া উচিত, বলেছেন শি জিনপিং।
ওয়াইকোর (ডব্লিউএআইসিও) লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও বৈশ্বিক নীতিনির্ধারণ জোরদার করা। একই সঙ্গে প্রযুক্তিটি যেন নিরাপদ, ন্যায্য ও মানবকল্যাণে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করা।
এ ছাড়া সংস্থাটি উদ্ভাবনে সহযোগিতা বাড়ানো, বৈশ্বিক ডিজিটাল বৈষম্য কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা, এবং উন্মুক্ত ও বৈষম্যহীন প্রযুক্তি পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেবে। পাশাপাশি দ্রুত বিকাশমান এই প্রযুক্তির জন্য কার্যকর নীতিমালা প্রণয়নেও কাজ করবে ওয়াইকো।
সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, এ সংস্থায় যুক্ত হওয়ার মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পৃক্ততা ও সক্ষমতা আরও শক্তিশালী হবে।
-টিভি টুডে
TV Today HD Desk: 











