
বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি। তিনি বলেছেন, বাংলাদেশ ও মিসরের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে গণমাধ্যম, সংস্কৃতি ও জনসম্পৃক্ততার ক্ষেত্রগুলোতে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে।
বাংলাদেশ ও মিশরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সমঝোতা স্মারক সই এবং ‘বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম’ গঠনের প্রস্তাব দেন তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কার্যালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতকালে তিনি এ প্রস্তাব দেন।
মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, সাক্ষাৎকালে গণমাধ্যম ব্যবস্থাপনা, ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলা, মতপ্রকাশের স্বাধীনতা এবং দুই দেশের গণমাধ্যম-সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এ সময় তথ্যমন্ত্রী ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি বলেন, অপতথ্য প্রতিরোধের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করাও জরুরি। বাংলাদেশ ও মিসরের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি।
TV Today HD Desk: 











