
শিশুশিল্পী খুঁজতে চ্যানেল আই’এ ফিরে আসছে ‘শাপলা কুঁড়ির’ নতুন আসর


সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, শিশুরা ফুলের মতো। শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে।
শিশুশিল্পী খুঁজতে ‘শাপলা কুঁড়ির’ নতুন আসর চালু ও শিশুদের লুকিয়ে থাকা প্রতিভা অন্বেষণে কাজ করছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী। তাদের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই। যা এই অনুষ্ঠানের মাহাত্মকে অনেক গুণ বাড়িয়ে দেবে। এই প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসবে নতুন নতুন প্রতিভাবান শিশুশিল্পী। তারা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে এ আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
‘শাপলা কুঁড়ির’ এ নতুন আসর নিয়ে আসছে জিয়া শিশু একাডেমী। প্রতিযোগিতাটি সরাসরি প্রচার করবে বেসরকারি টিভি-চ্যানেল আই। ‘যেখানে প্রতিভা, সেখানেই আমরা’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে শাপলা কুঁড়ির ১৪তম আসর। প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত।
রবিবার (২৬ জুলাই) চ্যানেল আই ভবনে এক নির্ধারিত সাংবাদিক সম্মেলনে জিয়া শিশু একাডেমী জানায়, কিরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীত- এই ছয় বিষয়ে প্রতিযোগিতা হবে। দেশের ১২টি অঞ্চলের প্রাথমিক বিজয়ীরা মূল পর্বে সুযোগ পাবে। ডা. এজেডএম জাহিদ হোসেন আরও জানান, আজ যারা দেশের অনেক খ্যাতিমান শিল্পী তাঁরা চ্যানেল আইয়েরই অবদানে।
জিয়া শিশু একাডেমী এই প্রতিযোগিতার মূল আয়োজক। এবারের আয়োজনটি ১৪তম। ক্বেরাত, আবৃত্তি, অভিনয়, সংগীত, নৃত্য ও যন্ত্রসংগীতে দেশের ১২ টি জোনে প্রাথমিক বিজয়ীরাই বিষয়ভিত্তিক নির্বাচনে ১৫টি একক এবং ৩টি দলীয় বিষয়ে অংশ নিবে। একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩টি একক এবং ১ টি দলীয় বিষয়ে অংশ নিতে পারবে। প্রতিটি বিষয়ে ১ম, ২য় ও ৩য় স্থান বিজয়ী এবং দুটি বিভাগে ২জন শাপলাকুঁড়ি চ্যাম্পিয়ন হিসেবে নির্ধারিত হবে। এর প্রতিটি পর্ব প্রচারিত হবে চ্যানেল আইতে। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ২৬ জুলাই থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত। বিস্তারিত জানা যাবে চ্যানেল আই ও বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর ওয়েবসাইটে।
প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা উপলক্ষে চ্যানেল আইতে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় এমপি, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশ জিয়া শিশু একাডেমীর মহাপরিচালক হুমায়ুন কবীর, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, ফাতেমা তুজ জোহরা। এছাড়াও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী বিউটি, লায়লা, মৌমিতা বড়ুয়া, এই রিয়েলিটি শো’র প্রকল্প পরিচালক রাজু আলীম ।
অতিথিরা বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ এবং তারা ফুলের মতো। এই শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকাশে বাংলাদেশ জিয়া শিশু একাডমীর বিকল্প নেই। তাদের সঙ্গে যুক্ত হয়েছে চ্যানেল আই। প্রতিযোগিতার মাধ্যমে বেরিয়ে আসবে নতুন প্রতিভাবান মুখ। তারা দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করবে এবং দেশকে বিশ্বের কাছে পরিচিত করে তুলবে এমনই প্রত্যাশা আয়োজকদের।
TV Today HD Desk: 















