
টিভি টুডে ডেস্ক:
আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কার এক্সপো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।
বৃহস্পতিবার (৫-৭ নভেম্বর) বসবে তিন দিনের এই গাড়ি প্রদর্শনীর এক্সপো।
সংবাদ সম্মেলন করে বারভিডা জানিয়েছে, অটোমোবাইল খাত শুধু গাড়ি আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এই খাতের সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ, প্রযুক্তির বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক। আর সে কারণেই তারা এই কার এক্সপো আয়োজন করতে যাচ্ছে।
এক্সপো আয়োজন সংস্থা বারভিডা চায় বাংলাদেশের জাপানি রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও জনপ্রিয় ও গতিশীল করতে। ক্রেতা ও গাড়ি ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করাই তাদের অন্যতম উদ্দেশ্য।
বারভিডা জানিয়েছে, একই স্থানে বিভিন্ন মডেল ও দামের গাড়ি দেখার সুযোগ তৈরি করতেই তাদের এই আয়োজন। জাপানি গাড়ির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কেও জনসচেতনতা বৃদ্ধি করতে চায় তারা। বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ঐতিহাসিক অবদান তুলে ধরা হবে এই আসরে । সেই সঙ্গে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রাজস্ব আয়ে রিকন্ডিশন্ড গাড়ি খাতের অবদানও।
'বারভিডা কার এক্সপো ২০২৬' গাড়িপ্রেমী, সম্ভাব্য গাড়ি ক্রেতা, ব্যবসায়ী, পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানিয়েছে সংগঠনটি।
–টিভি টুডে