বিজিএমইএ-জাপান ডেস্কের উদ্বোধন
বাংলাদেশ-জাপান ব্যবসায়িক সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) এর উদ্যোগে উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদির মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘বিজিএমইএ জাপান ডেস্ক’।
বিজিএমইএ –এর নবগঠিত ‘জাপান ডেস্ক’ বাংলাদেশ ও জাপানের মধ্যে তৈরি পোশাক ব্যবসা এবং বিনিয়োগ সম্প্রসারণে একটি কার্যকর ব্যবসায়িক সেতু হিসেবে কাজ করবে। এতে জাপানি ক্রেতা এবং স্থানীয় পোশাক প্রস্তুতকারকদের মধ্যে সরাসরি যোগাযোগ ও ম্যাচমেকিং সহজ করবে।
মূলত: সংযোগ, সহযোগিতা ও সমৃদ্ধি,- এই মূল মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচন করতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে এ ডেস্কের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি (H.E. Mr. SAIDA Shinichi)
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদ হাসান খান সভাপতি: বিজিএমইএ।
প্রসঙ্গত উল্লেখ্য যে, জাপানের বাজারে পোশাক রফতানি সম্প্রসারণের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে গত এক বছর আগে বিজিএমইএ এর বর্তমান বোর্ডের উদ্যোগে ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজী ডেভেলপমেন্ট কমিটি’ গঠন করা হয়। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ), মিজানুর রহমান এবং কোঅর্ডিনেটিং ডাইরেক্টর হিসেবে রয়েছেন বিজিএমইএ এর পরিচালক মোহাম্মদ সোহেল। এরই ধারাবাহিকতায় আজ বিজিএমইএ দফতরে এই ‘জাপান ডেস্ক’ আনুষ্ঠানিকভাবে চালু করা হলো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ জাপান দূতাবাস, জেট্রো ঢাকা অফিস, ঢাকা শুমু-কু-কাই (JCIAD), টয়োটা সুশো, টেইজিন ফ্রন্টিয়ার, মারুবেনি, ইতোচু কর্পোরেশন এবং জাপান-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (JBCCI) এর শীর্ষ প্রতিনিধিবৃন্দ।
এ সময় বিজিএমইএ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি (অর্থ)মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী, পরিচালক নাফিস- উদ- দৌলা, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক রুমানা রশীদ, পরিচালক মোহাম্মদ সোহেল, পরিচালক এনামুল আজিজ চৌধুরী এবং সাধারণ সদস্যগন।
রেজিস্ট্রেশন ও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বাংলাদেশ-জাপান অংশীদারিত্বের ওপর একটি আনুষ্ঠানিক উপস্থাপনা তুলে ধরা হয়। বিজিএমইএ এর সামগ্রিক কার্যক্রমের ওপর একটি বিশেষ উপস্থাপনা পেশ করেন সংগঠনের মহাসচিব মেজর জেনারেল ড. মোঃ সাহেদুল ইসলাম (অবঃ)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) এবং জাপান মার্কেট স্ট্র্যাটেজী ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি বাংলাদেশী পোশাক উদ্যোক্তাদের জন্য বিশেষ করে, মার্কেটিং ও মার্চেন্ডাইং কর্মকর্তাদের জন্য জাপানের ভ্রমণ ভিসা সহজ করার বিষয়ে রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষন করেন।
বিজিএমই-এর জাপান ডেস্কের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন বিজিএমইএ এর জাপান কমিটির উপদেষ্টা, ফুরুশিমা (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সারওয়ার হাবিব এবং বিজিএমইএ এর পরিচালক ও ‘জাপান মার্কেট স্ট্র্যাটেজী ডেভেলপমেন্ট কমিটির কোঅর্ডিনেটিং ডাইরেক্টর, মোহাম্মদ সোহেল ।
প্রধান অতিথির বক্তব্যে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বিজিএমইএ দপ্তরে স্থাপিত জাপান ডেস্কের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানান। নতুন এই ডেস্ক দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বৈচিত্র্যকরণের উপর গুরুত্বারোপ করেন।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে বলেন, বিজিএমইএ মনে করে, কেবল একটি নির্দিষ্ট খাত বা ঐতিহ্যবাহী বাজারগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকা সমীচীন নয়। এই বাস্তবতায় বিজিএমইএ পণ্য ও বাজার বহুমুখীকরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করছে। বিশেষ করে জাপানের বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতেই বিজিএমইএ কমপ্লেক্সে ‘জাপান ডেস্ক’ স্থাপন করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, জাপানের বাজারে পোশাক রফতানির ক্ষেত্রে স্বল্পতম সময়ে পণ্য সরবরাহ বা ‘লিড টাইম’ সফলভাবে মোকাবিলা করাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
অনুষ্ঠানে বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান তার বক্তব্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অভূতপূর্ব রূপান্তর, নিরাপদ কর্মপরিবেশ, কমপ্লায়েন্স এবং জাপানের সাথে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি, জাপানী ব্যবসায়ীবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতের অসাধারণ অগ্রগতি, কর্মপরিবেশের উন্নয়ন এবং কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের উচ্চ মূল্যায়ন করেন। তারা উল্লেখ করেন যে, জাপান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের এই আস্থার সম্পর্ক আগামী দিনে দ্বিপক্ষীয় বাণিজ্যকে আরও সুদৃঢ় করবে। নবগঠিত ‘জাপান ডেস্ক’ এর মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগ আরও গতিশীল হবে এবং অংশীদারিত্বের এই নতুন দিগন্ত উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধন করা এই ‘বিজিএমইএ জাপান ডেস্ক’ মূলত জাপানি ক্রেতা ও বিনিয়োগকারীদের জন্য একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এটি বাংলাদেশে ছোট ও মাঝারি অর্ডারের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা, জাপানি বিনিয়োগ সহজতর করা এবং দুই দেশের তৈরি পোশাক শিল্পে একটি দীর্ঘমেয়াদী ও সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলতে মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি প্রাণবন্ত ইন্টারেক্টিভ প্রশ্ন-উত্তর সেশন, যেখানে অংশগ্রহণকারী শিল্প উদ্যোক্তা ও অতিথিরা জাপানি বিনিয়োগের বিভিন্ন দিক এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সবশেষে সমাপনী বক্তব্য ও দ্বিপক্ষীয় নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।
–টিভি টুডে