প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি নির্বাচন
সাত ধাপে ইউপি নির্বাচন, শুরু হবে সম্ভাব্য ১২ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন প্রাথমিকভাবে ৭ ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোটের সম্ভাব্য তারিখ ১২ নভেম্বর শুরু হবে বলে জানা গেছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাওয়ের নির্বাচন ভবনে ইউপি নির্বাচন নিয়ে কমিশনের প্রাক প্রস্তুতিমূলক সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ গণমাধ্যম প্রতিনীধিদের এ তথ্য জানান। এ দিন, এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি সকালে কমিশন সভা করে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এ নির্বাচন কমিশনার।
তিনি বলেন, ‘স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে প্রাক প্রস্তুতিমূলক সভা করেছি। সাত ধাপে ভোট করার প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বিকেল ৪টায় নির্বাচন ভবনে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান,দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টি ইউনিয়নে আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের বাধ্যবাধকতার কারণে দ্রুত নির্বাচন আয়োজন করতে হচ্ছে। বিভিন্ন বার্ষিক পরীক্ষা ও ধর্মীয় উৎসব বিবেচনা করে সাত ধাপে ভোট গ্রহণের এই প্রাথমিক সূচি তৈরি করা হয়েছে।
কমিশনার বলেন, প্রাথমিকভাবে ঘোষিত সময়সূচী অনুযায়ী সাড়ে চার হাজার ইউপিতে ৭ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ চলতি বছরের ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর। ৪র্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, ৫ম ধাপ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ৬ষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং ৭ম ধাপ ২৭ মে।
তিনি বলেন, প্রথম ৫টি ধাপেই অধিকাংশ ইউনিয়নের নির্বাচন সম্পন্ন করার চেষ্টা করা হবে। ষষ্ট ও সপ্তম ধাপ মূলত সংরক্ষিত রাখা হচ্ছে মামলা সংক্রান্ত জটিলতা বা অন্যান্য কারণে পিছিয়ে পড়া ৫৬টিসহ বাকি ইউনিয়নগুলোর জন্য।
প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে জানান এ নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার ভোটের সম্ভাব্য সময় জানালেও আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করবে ইসি।
–টিভি টুডে