
নিজস্ব প্রতিবেদক
প্রচলিত ব্যবস্থাকে ভেঙ্গে সংস্কারে রুপদানের লক্ষে চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থান হয়েছে, এটাকে কোনো বিপ্লব হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে ছাপ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে বলেন, এটি ছিল প্রচলিত রাষ্ট্রব্যবস্থা সংস্কার ও মেরামতের জন্য সংঘটিত একটি গণঅভ্যুত্থান। বাংলাদেশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের ক্ষেত্রে এমন কোনো বাস্তবতা ছিল না। ‘এমনকি জুলাইয়ের পর গঠিত অন্তর্বর্তী সরকারও ‘অভ্যুত্থান’ শব্দই ব্যবহার করেছে’।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ’ (সিজিএস) –এর আয়োজনে ‘নির্বাচন-পরবর্তী বাংলাদেশ : রাজনৈতিক প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক এক বহুদলীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, ‘আমরা স্পষ্টভাবে মনে করি এখানে গণ-অভ্যুত্থান হয়েছে সংস্কারের জন্য, কোনো বিপ্লব হয়নি। কোনো পূর্ণাঙ্গ বিপ্লব হলে তার পেছনে একটি নির্দিষ্ট দর্শন, বিপ্লবী আদর্শ এবং সেই আদর্শ ধারণকারী রাজনৈতিক শক্তির নেতৃত্ব থাকে। এরপর বিপ্লবী পরিবর্তনের মাধ্যমে নতুন ধরনের সরকার ও রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে।
জহির উদ্দিন স্বপন বলেন, আমাদের দৃষ্টিতে ঐক্যমত্য তৈরি করতে পারলে সংস্কারের এই কঠিন যাত্রা একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া সম্ভব হবে। আমাদের দল এবং আমাদের সরকার খুব স্পষ্টভাবে মনে করে, গণ-অভ্যুত্থান হয়েছে প্রচলিত ব্যবস্থাকে সংস্কার করার জন্য, মেরামত করার জন্য। কোনোভাবেই এখানে কোনো বিপ্লবের উপস্থিতি ঘটেনি। বিপ্লব ও সংস্কার প্রক্রিয়ার মধ্যে পার্থক্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনো এক ধরনের চিন্তাগত অস্পষ্টতা রয়েছে। জুলাইয়ের ঘটনাপ্রবাহকে কে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন, সে বিষয়ে স্পষ্টতা না থাকলে রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়ায় ঐকমত্য গড়ে তোলা মোটেই সহজ হবে না।
জহির উদ্দিন স্বপন বলেন, দূরত্ব কমাতে নিয়মিত যোগাযোগ ও পারস্পারিক সম্পৃক্ততা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে সকলের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে। রাষ্ট্র সংস্কারের মতো জটিল কাজ টেকসইভাবে এগিয়ে নিতে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমান্তরাল দৃষ্টিভঙ্গি ও ন্যূনতম ঐকমত্য প্রয়োজন। সবাই মিলে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা বাদ দেব, কোনটাকে গ্রহণ করব এবং কোনটাকে আপাতত স্থগিত রাখব, সেই সিদ্ধান্তে পৌঁছাতে ঐক্যমত্য তৈরি ছাড়া এই প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয়।
তিনি বলেন, জুলাই সনদসহ চলমান রাজনৈতিক ও সংস্কার প্রক্রিয়া নিয়ে মতভেদ থাকলেও আলোচনা ও সম্পৃক্ততার মাধ্যমে ঐকমত্য গড়ে তুলতে হবে। ‘সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ’ (সিজিএস) এর প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো আসাদুজ্জামান।
–টিভি টুডে