
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিশ্বস্তের তালিকায় বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের শুরুতে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের প্রার্থিতা চূড়ান্ত করেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে শুভেচ্ছা জানান।
বেলা ১২টায় স্থায়ী কমিটির এই বৈঠকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, চিফ হুইপ, হুইপগণ উপস্থিত ছিলেন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৈঠক চলার মধ্যে সাংবাদিকদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।'
কিছুক্ষণ আগে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রিজভী জানান, মির্জা ফখরুলকে প্রার্থী ঘোষণার সাথে সাথে তিনি বিএনপির মহাসচিব পদ এবং জাতীয় স্থায়ী কমিটি সদস্যপদ থেকে পদত্যাগ করেন।
সাংবাদিকদের ভেতর থেকে মহাসচিবের শুন্য পদে কে আসছেন প্রশ্ন করা হলে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, তার কাছে দায়িত্ব দেয়া আছে। তিনি যেভাবে হোক সেটা মতামত নিয়ে জানাবেন। সেটি আপনারা পরে জানতে পারবেন।'
তিনি বলেন, 'এখন শুধু রাষ্ট্রপতি পদে দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার কথা আমরা জানালাম।'