
বস্ত্র ও টেক্সটাইল শিল্পের বিদ্যমান সংকট সমাধানে গঠিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় শিল্প খাতের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে টেক্সটাইল শিল্পের সমস্যা সমাধানে গঠিত এই উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভায় এ বিষয়ে আলোচনা হয়।
আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী সরাসরি সভায় যোগ দেন এবং ব্যবসায়ী ও অংশীজনদের বক্তব্য শোনেন। শিল্প খাতে চলমান তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট, আর্থিক সমস্যা এবং বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সময়োপযোগী সিধান্ত না নেওয়ার কারণে অতীতে যে গ্যাস সংকট তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী সমস্যাগুলো সমাধানের ব্যাপারে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে মতামত ব্যক্ত করেন। সমস্যাগুলো দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে আলোচনা করতে আগামী এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরবর্তী সভা আয়োজনের নির্দেশনা দেন।
সভায়, দেশের টেক্সটাইল খাতের পুরোপুরি বন্ধ কিংবা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর সুনির্দিষ্ট সমস্যা এবং কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন, তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে সরকার।
মন্ত্রণালয়ের সভায়, কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২২ জুলাই বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল -এর নেতৃত্বে এক প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সচিবালয়ে তার কার্যালয়ে সাক্ষাৎ করে টেক্সটাইল শিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরে। ওই বৈঠকেই এই খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ও টেকসই উন্নয়নে অর্থ উপদেষ্টা এবং বানিজ্যমন্ত্রীর সমন্বয়ে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেওয়া হয়। ‘টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের এই সময়োপযোগী ও আন্তরিক পদক্ষেপে বস্ত্র খাতের ব্যবসায়ী ও সাধারণ উদ্যোক্তারা এখন আশার আলো দেখছেন।
–টিভি টুডে