
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার (২৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ও এ তথ্য জানানো হয়েছে। ওই দিন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ-নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড,মাদ্রাসা শিক্ষাবোর্ড, এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত হয়। এ বছর ১৮ লাখের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়।