


শুরু হয়েছে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বি-বিউটি টেক এক্সপো ২০২৬। সৌন্দর্য, প্রসাধনী, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, পারফিউম এবং পেশাদার রূপচর্চার জন্য আধুনিক সৌন্দর্য প্রযুক্তি (বিউটি টেক) নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
প্রদর্শনীতে Liana, Hashmi, K-Skin, Saharan Fragrance, Bioxin, Elmore, Rootly, MMC Luxury Perfume, Sacred Perfumes, RM International, UTM Pakistan, Bio Hydra Facial-সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের সর্বাধুনিক পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করছে।


বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে শুরু হয়ে তিন দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ১৮ জুলাই পর্যন্ত চলবে। আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশ লিমিটেড, এক্সপো উদ্বোধন করেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) মহাসচিব মো আলমগীর হোসেন।
ওয়েম জানায়, এক্সপোতে দেশি-বিদেশি ৫৫টি স্টলে ৩০০টিরও বেশি ব্রান্ড এবং ১৬০টিরও বেশি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ৮টি প্রধান ক্যাটাগরিতে প্রসাধন ও রূপচর্চার পণ্য প্রদর্শন করা হচ্ছে।
এই এক্সপোতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের বিপুল সংখ্যক পেশাদার রূপ বিশেষজ্ঞ, উদ্যোক্তা, ব্যবসায়ী, পরিবেশক এবং সৌন্দর্যসেবা খাতের পেশাজীবীরা অংশ নিচ্ছেন। প্রদর্শনীকে কেন্দ্র করে নতুন ব্যবসায়িক যোগাযোগ ও সম্ভাব্য বিনিয়োগ নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানায়, এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো দেশীয় উদ্যোক্তা, আমদানিকারক, পরিবেশক, খুচরা বিক্রেতা এবং আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি করা। পাশাপাশি বাংলাদেশের ক্রমবর্ধমান বিউটি ও পার্সোনাল কেয়ার শিল্পে নতুন বিনিয়োগ ও বাণিজ্যিক অংশীদারিত্বের সুযোগ তৈরি করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
প্রদর্শনী ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্টলে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, প্রিমিয়াম পারফিউম, বিউটি ডিভাইস এবং আধুনিক বিউটি ট্রিটমেন্ট প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। নতুন পণ্য সম্পর্কে জানতে এবং ব্যবসায়িক সম্ভাবনা খুঁজতে দর্শনার্থী ও উদ্যোক্তাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানায়, বাংলাদেশের সৌন্দর্য ও ব্যক্তিগত যত্ন (বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার) বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর জন্যও এ বাজারে ব্যবসা সম্প্রসারণের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এক্সপোতে তাৎক্ষণিক পণ্য বিক্রি বা বড় কার্যাদেশ পাওয়া মুখ্য নয়, বরং বাংলাদেশের ক্রমবর্ধমান সুগন্ধির বাজারে নতুন বিজনেস পার্টনার এবং যৌথ ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানান।