


স্মৃতি বড়ই মধুর! উৎসবমুখর আয়োজনে স্মৃতিস্মরণের মধ্য দিয়ে ‘বিশের বাঁশিতে সুদিন আসবে’ এমন প্রতিপাদ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ (জেএমসি) বিভাগ উদযাপন করেছে প্রতিষ্ঠার ২০বছর পূর্তি। এ উপলক্ষে ড্যাফোডিল স্মার্ট সিটি বিরুলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে ‘আমাদের বছর কুড়ি’ শীর্ষক দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান, অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে ‘বিশের বাঁশিতে সুদিন আসবে’ অন্তরে এ শ্লোগান ধারণ করে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে দুই দশকের অর্জন, স্মৃতিচারণ, অ্যালামনাইদের অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ও উপদেষ্টা অধ্যাপক ড. গোলাম রহমান, অনুষ্ঠানের আহ্বায়ক ড. আব্দুল কাবিল খান, জেএমসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাকীব মৃধা, বিভাগীয় প্রধান ড. আফতাব হোসেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন এবং প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ‘অ্যালামনাই-৩৬০’ নামে নতুন একটি অ্যালামনাই নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দেন। তিনি বলেন, এ প্ল্যাটফর্ম বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করবে।
অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে কেক কাটার মাধ্যমে বিভাগের ২০ বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরা কর্মজীবনের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। দিনব্যাপী আয়োজনে নেটওয়ার্কিং সেশন, ওপেন মাইক, র্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ হিসেবে যাত্রা শুরু করে ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ১বছর পরে, ২০০৬ সালে। বর্তমান গত দুই দশকে সাংবাদিকতা, টেলিভিশন, করপোরেট কমিউনিকেশন, জনসংযোগ, ডিজিটাল মিডিয়া ও সৃজনশীল শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে মিডিয়া ও যোগাযোগ বিভাগ।
রিপোর্ট -টিভি টুডে