
প্রতিবেশী বাংলাদেশি নাগরিকদের জন্য টানা দুই বছর পর অবশেষে পর্যটনসহ সকল শ্রেণীর ভিসা চালু করলো ভারত। ২৮ জুন থেকে দেশের ৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) -এই আবেদন প্রক্রিয়া শুরু হয়।
সোমবার ২৯ জুন থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে।
ভিসা আবেদন জমা নেওয়ার প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের উপচে পড়া উপস্থিতি বলে দেয় বাংলাদেশের মানুষের কতটা আগ্রহ প্রতিবেশি দেশটির প্রতি। দীর্ঘদিন পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর ঘোষণা দেন।
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দেয়। পরে সীমিত পরিসরে মেডিকেল, ব্যবসায়িক (বিজনেস) ও শিক্ষার্থী (স্টুডেন্ট) ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা বন্ধ ছিল।
সম্প্রতি নতুন হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর সেই অচলাবস্থার অবসান হলো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও এ সেবা চালু করা হবে বলে জানা গেছে।